প্রকাশিত: Fri, May 26, 2023 10:32 AM
আপডেট: Mon, Jun 15, 2026 2:45 PM

নৌকা হারেনি, ব্যক্তি হেরেছে: জাহাঙ্গীর আলম

এ বিজয় প্রধানমন্ত্রী ও গাজীপুরের জনগণকে উপহার দিলাম: জায়েদা খাতুন

এ এইচ সবুজ: নির্বাচনে অংশ নেওয়া গৃহিণী জায়েদা খাতুনের জন্য দীর্ঘ এই পথটা পাড়ি দেওয়া মোটেই সহজ ছিল না। কিন্তু ছায়ার মতো মায়ের পাশে থেকে জটিল সমীকরণটাই যেন সহজ করে দিয়েছেন ছেলে জাহাঙ্গীর আলম। আর তাতেই আওয়ামী লীগের মনোনীত হেভিওয়েট প্রার্থী নৌকা প্রতীকের এড.আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটে হারিয়ে জয়ের মুকুট মাথায় পরে নিলেন স্বতন্ত্র হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্ধিতাকারী জায়েদা খাতুন। এদিকে জয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাতেও  ভোলেননি গাজীপুরের নতুন এই নগরমাতা। 

বৃহস্পতিবার রাতে ফল ঘোষণার পর তার ছয়দানা এলাকার বাসায়  তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় নতুন মেয়র জায়েদা খাতুন বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। আমি খুব খুশি। এ জয় আমি মাননীয় প্রধানমন্ত্রী ও গাজীপুরের সকল জনগণকে উপহার দিলাম। এ সময় সাংবাদিকদের উদেশ্যে জায়েদা খাতুন বলেন, গাজীপুরের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আমার ছেলে জাহাঙ্গীর আলমের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করাই মূল লক্ষ্য। আর এজন্য সকলের সহযোগিতা দরকার।  

 সবথেকে বড় সিটি করপোরেশন গাজীপুরের নির্বাচনে ‘নৌকা হারেনি, বরং ব্যক্তি হেরেছে’ বলে মন্তব্য করেছেন বেসরকারিভাবে নির্বাচিত নগর মাতা জায়েদা খাতুনের ছেলে, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, আমি কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে যাইনি এবং যাবোও না। আমি নৌকার বিরুদ্ধে যাইনি, যাবো না। জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার শ্রদ্ধাবোধ ও ভালোবাসা যেমন ছিলো তেমনি আছে। আমরা ব্যক্তির বিরুদ্ধে লড়েছি। গাজীপুর সিটি নির্বাচনে মায়েদের জয় হয়েছে। মা সবাইকে নিয়ে কাজ করতে চান।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে গাজীপুরের ছয়দানার নিজ বাড়ির সামনে নির্বাচিত মেয়র প্রার্থীর পক্ষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। গাজীপুরের মেয়র নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।

গাজীপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, এই সিটির সবাই আমার বাবা-মা, ভাই-বোন। তারা বের হয়ে এসেছেন আমার মাকে ভোট দিতে। এই জয়ের জন্য আল্লাহ্র পর আমি সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিজয় সব নগরবাসীর। এই নির্বাচন আমার বাঁচা-মরার নির্বাচন ছিলো। আমার মা আমাকে বলেছিলেন, এই শহরের ওপর অত্যাচার হচ্ছে। আমি মা হিসেবে বসে থাকতে পারব না। আমি নির্বাচন করতে চাই।

উল্লেখ্য, গাজীপুরের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। ৪৮০ কেন্দ্রের ফলাফলে ১৬ হাজার ১৯৭ ভোট বেশি পেয়ে জায়েদা খাতুন জয়লাভ করেন।

বৃহস্পতিবার রাতে রির্টানিং কর্মকর্তা জায়েদা খাতুনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। সম্পাদনা: জাফর খান